পরিবারের সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে ২০২৪ সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন নুরুল আবছার রুবেল (২৯)। স্বজনরাও আশায় বুক বেঁধেছিলেন, রুবেল একদিন ভাগ্য বদলে দেশে ফিরবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। বুক ভরা আশা নিয়ে দুবাই পাড়ি দেওয়া রুবেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এলাকায়।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় সংযুক্ত আরব আমিরাতের আল-কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল। এর আগে গত ৭ জুন শনিবার মধ্যরাতে দুবাইয়ে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। রুবেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জাকিরপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, রুবেলের স্বপ্ন ছিল দুবাই গিয়ে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তন করা। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ফিরিয়ে আনবেন পরিবারের সচ্ছলতা। সেই স্বপ্ন নিয়েই তিনি ধারদেনা করে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি পাড়ি জমান দুবাইয়ে। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। কিছুদিন আগে নতুন আরেকটি কোম্পানিতে চাকরি হয় তার। ওই চাকরিতে যোগদানের আগের দিন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।
