সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত সুউচ্চ আবাসিক ভবন ‘মারিনা পিনাকল’-এ ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সময়মতো উদ্ধার অভিযান চালানোয় কেউ হতাহত হননি।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে দুবাইয়ের মারিনা এলাকার ৬৭ তলা ভবনটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ছয় ঘণ্টা ধরে অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মারিনা পিনাকলে থাকা ৭৬৪টি ফ্ল্যাট থেকে মোট ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে দুবাই সরকারের মিডিয়া অফিস (ডিএমও)।
ডিএমওর পক্ষ থেকে এক্স প্ল্যাটফর্মে দেওয়া একাধিক পোস্টে জানানো হয়, রাত ১টা ৪৪ মিনিটে প্রথম পোস্টে জানানো হয়, বিশেষ প্রশিক্ষিত দলগুলো ভবনের প্রতিটি ইউনিট থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। এই সময় তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
পরবর্তী পোস্টে, রাত ২টা ৯ মিনিটে জানানো হয়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসেবা দল উপস্থিত রয়েছে এবং উদ্ধারকৃত বাসিন্দাদের শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। এরপর রাত ২টা ২১ মিনিটে আরেকটি পোস্টে জানানো হয়, মোট ৭৬৪টি অ্যাপার্টমেন্ট থেকে ৩ হাজার ৮২০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় কেউ আহত হননি।
খালিজ টাইমস জানায়, আগুন লাগার পর পরই ভবনের নির্মাতা প্রতিষ্ঠানের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মারিনা পিনাকলে এই প্রথম আগুন লাগেনি। খালিজ টাইমসের পুরোনো প্রতিবেদনের বরাতে জানা গেছে, ২০১৫ সালের মে মাসে ভবনের ৪৭তম তলার একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়, যা পরে ৪৮তম তলায় ছড়িয়ে পড়ে। সে সময়ও দুবাই সিভিল ডিফেন্স দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ডিএমও আরও জানিয়েছে, আগুনের ঘটনায় কেউ আহত না হলেও ভবনের নিরাপত্তাব্যবস্থা পুনরায় মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
উপদেষ্টাদের গাড়িবহর ঘিরে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার
আজ থেকে স্বর্ণবাজারে নতুন দর, জেনে নিন সব ক্যারেটের দাম