যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসায় গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা, যাকে ‘বার্থ ট্যুরিজম’ বলা হয়, তা সম্পূর্ণ নিষিদ্ধ বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। ভিসা আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য সন্তানের জন্ম হলে, তাঁর আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এই বিষয়ে গত শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস একটি বার্তা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, “অনেক বিদেশি অভিভাবক কেবল সন্তান জন্ম দিতে আমেরিকায় আসেন এবং চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি অর্থ সহায়তা নেন। এতে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বাড়তি চাপ পড়ে। এই অভিভাবকেরা ভবিষ্যতে তাঁদের ভিসা নবায়নের যোগ্যতাও হারাতে পারেন।”
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সে দেশে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভ করে। বহু বিদেশি এই নিয়মকে কাজে লাগিয়ে সন্তানকে ‘অ্যাঙ্কর বেবি’ বানিয়ে পরে মার্কিন স্থায়ী বসবাসের সুযোগ নেওয়ার চেষ্টা করেন।
এ ধরনের অপব্যবহার ঠেকাতে ভিসা যাচাইয়ের নিয়ম আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কারও ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হলে ভিসা প্রত্যাখ্যানের হার বাড়ছে।
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী গণবিক্ষোভ