কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:১৩ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম সাইদুর রহমান সুজন (৪৫)।

কারারক্ষীরা তাকে বেলা ১১টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, কারারক্ষীরা সুজনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে কারাগার সূত্র জানিয়েছে, সুজন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলাসহ মোট ১৫টি মামলা বিচারাধীন।

সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষে থাকা সুজন নিজের ব্যবহৃত গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢামেকে পাঠানো হয়।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখনো তদন্ত চলছে। কারা কর্তৃপক্ষ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত