পরিস্থিতি অবনতির শঙ্কা, ইসরায়েল ভ্রমণ না করার পরামর্শ যুক্তরাজ্যের

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:৪৭ পিএম

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশে ভ্রমণ সতর্কতা আপডেট করেছে যুক্তরাজ্য। চলমান ইরান-ইসরায়েল উত্তেজনায় নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। সেজন্য ব্রিটিশ নাগরিকদের ইসরায়েল ভ্রমণ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (১৫ জুন) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক আপডেটে এ নির্দেশনা জারি করে।

যুক্তরাজ্যের এফসিডিও জানিয়েছে, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে।

এফসিডিওর মতে, বর্তমানে আক্রান্ত এলাকায় থাকা ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকতে হবে, স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।

তবে নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বা ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয়নি যুক্তরাজ্য। 

ইরান-ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরে ঘটনাবলী পর্যবেক্ষণ অব্যাহত রাখার পরে এমন নির্দেশিকা দিয়েছে যুক্তরাজ্য। বেশ কয়েকটি উপসাগরীয় দেশ এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছে এবং বৃহত্তর অস্থিতিশীলতা এড়াতে সংযমের আহ্বান জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত