খামেনিকে হত্যার পরিকল্পনা আটকে দেন ট্রাম্প

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৮:৫৬ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাতে এমন একটি সুযোগ তৈরি হলে ট্রাম্প তা নাকচ করে দেন বলে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।  

একজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘ইরান এখন পর্যন্ত কোনো আমেরিকান নাগরিককে হত্যা করেনি। তাই আমরা ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে নই।’  

সূত্রগুলো জানায়, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ইসরায়েল কয়েক দফা হামলা চালিয়েছে। এসব হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত ছিল। এই সময়ে ইসরায়েলি পক্ষ জানায়, তাদের হাতে ইরানের শীর্ষ নেতাকে হত্যার একটি সুনির্দিষ্ট সুযোগ তৈরি হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন তা প্রত্যাখ্যান করে।  

এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের কথোপকথন নিয়ে অনেক ভুল তথ্য প্রচারিত হয়। আমি এসব নিয়ে মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলব, ইসরায়েল তার প্রয়োজনীয় সব পদক্ষেপই গ্রহণ করবে।’

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ইসরাইলের সাম্প্রতিক হামলার কারণে ওমানে হওয়ার কথা থাকা আলোচনা বাতিল হয়েছে। গত শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইসরাইলের সামরিক অভিযান সম্পর্কে আমরা পূর্ণাঙ্গভাবে অবগত ছিলাম।’

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর জন্যই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে এই ঘটনা নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত