ইডেন কলেজের পুকুরে সাঁতার শেখার সময় পানিতে ডুবে সানজিদা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সানজিদা আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০টার দিকে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
সানজিদাকে হাসপাতালে নিয়ে আসা মোহনা ইসলাম নামের ইডেন কলেজের ফিন্যান্স বিভাগের এক ছাত্রী জানান, পুরান ঢাকার চকবাজারের চম্পাতলী এলাকায় সানজিদাদের বাড়ি। মোহনা তার বাসায় গিয়ে পড়ান। আজ সকালে মোহনার সঙ্গে ফোনে যোগাযোগ করে একসঙ্গে বাসা থেকে বের হয় সানজিদা। উদ্দেশ্য ছিল—ইডেন কলেজের পুকুরে সাঁতার শেখা।
পরিকল্পনা অনুযায়ী তাঁরা ইডেন কলেজে প্রবেশ করে পুকুরে নামেন। মোহনার ভাষায়, পাড়ঘেঁষা সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে তলিয়ে যান সানজিদা। সঙ্গে সঙ্গে মোহনার চিৎকারে আশপাশে থাকা শিক্ষার্থী ও কর্মচারীরা ছুটে এসে তাকে পানি থেকে টেনে তুলেন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ট্রাম্পের সাথে পুর্ণ সমন্বয় করেই সব হচ্ছে : নেতানিয়াহুর
গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলিতে নিহত ৫৯