এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মানতে হবে স্বাস্থ্যবিধি

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৩:০৯ এএম

করোনা ও ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন স্বাস্থ্যবিধি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা  বোর্ড সমন্বয় কমিটি। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি  দেশের সব কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ নির্দেশনা দেন।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

পরীক্ষা শুরুর আগে প্রতিটি কেন্দ্রের ভেতরে মশক নিধন ওষুধ স্প্রে করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে বলে জানানো হয়েছে নির্দেশনায়। এ ছাড়া, পরীক্ষা কক্ষে আসন বিন্যাস অবশ্যই শিক্ষা বোর্ডের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী করতে হবে।

সব পরীক্ষাকেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে। একইসঙ্গে, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালাতে হবে এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্যোগ নিতে হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৬ জুন থেকে শুরু হবে এবং ১০ আগস্ট পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত