রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র প্রায়ই বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে থাকেন। বর্ণবিদ্বেষী দর্শকদের বিরুদ্ধে বারবার পদক্ষেপ নিয়েও যেন এই অপকর্ম থামানো যাচ্ছে না। এবার ভিনিকে বর্ণবাদী আক্রমণ করার দায়ে ৪ জনকে ১৪ থেকে ২২ মাসের কারাদণ্ড দিয়েছে মাদ্রিদের আদালত।
ঘটনা আড়াই বছর আগের। ২০২৩ সালের জানুয়ারিতে রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের কোপা দেল রের ম্যাচের আগে ভিনিসিউসের একটি প্রতিকৃতি বানিয়ে সেটাতে ২০ নম্বর জার্সি পরিয়ে রিয়ালের অনুশীলন মাঠের সামনের একটি ব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া হয়। সঙ্গে একটি ব্যানারও লাগিয়ে দেওয়া হয়। যেখানে লেখা ছিল, ‘রিয়ালকে মাদ্রিদ ঘৃণা করে।’ ওই ঘটনায় লা লিগার করা অভিযোগের পর ২০২৩ সালের শেষের দিকে চার জনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার জাতিগত বিদ্বেষমূলক অপরাধে মাদ্রিদের আদালত তাদের দোষী সাব্যস্ত করে রায় দেয়।এক বিবৃতিতে লা লিগার পক্ষ থেকে বলা বলেছে, রায়ে একজনকে বিদ্বেষমূলক অপরাধের জন্য ১৫ মাসের কারাদণ্ড এবং অনলাইনে এই কাজের ছবি ছড়িয়ে হুমকি দেওয়ার জন্য বাড়তি সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য তিন জনকে বিদ্বেষমূলক অপরাধের জন্য সাত মাস করে এবং হুমকির জন্য সাত মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি মামলার প্রথম আসামীকে এক হাজার ৮৪ ইউরো এবং অন্য তিন জনকে ৭২০ ইউরো জরিমানাও করা হয়েছে। একই সঙ্গে ভিনিসিউসের বাড়ি এবং রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের এক হাজার মিটারের মধ্যে অভিযুক্তরা আসতে পারবেন না মর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন আয়োজিত যেকোনো প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ শুরুর চার ঘন্টা আগে থেকে ম্যাচ শেষের চার ঘন্টা পর পর্যন্ত স্টেডিয়ামের এক হাজার মিটারের মধ্যেও তারা আসতে পারবেন না।
