টেস্ট মর্যাদার ২৫ বছর: প্রথম টেস্টের সদস্যদের সংবর্ধনা দেবে বিসিবি

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৯:২১ পিএম

বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম টেস্ট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই কেন্দ্রীয় অনুষ্ঠান, নাম দেওয়া হয়েছে— ‘বাংলাদেশের ২৫ বছর টেস্ট ক্রিকেট যাত্রার উদ্‌যাপন’।

সংবর্ধনা ছাড়াও প্রথম টেস্ট ঘিরে স্মৃতিচারণ করতে পারবেন সেই সময়কার খেলোয়াড় ও কর্মকর্তারা। এ উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে তাদের মতবিনিময় পর্বও থাকবে। উপস্থিত থাকবেন বাংলাদেশের হয়ে টেস্ট খেলা বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। আয়োজনের অংশ হিসেবে হতে পারে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বা সঙ্গীতানুষ্ঠান।

বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ ই এম কাওসার বলেন, ‘যারা প্রথম টেস্টে অংশ নিয়েছিলেন, তাদের সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে তাদের মতবিনিময় পর্ব থাকবে, যেখানে তারা সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ করবেন। যারা তখনকার সদস্য ছিলেন এবং যারা বর্তমানে দেশে অবস্থান করছেন, তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হবে।’

এই আয়োজন ছাড়াও বিসিবি ২১ থেকে ২৫ জুন পর্যন্ত ৬৪ জেলায় ও ৫টি বিভাগীয় শহরে আয়োজন করবে অনূর্ধ্ব–১২ ক্রিকেট কার্নিভাল।

এই কার্নিভালে থাকবে ছেলে-মেয়েদের জন্য সিক্স-এ-সাইড ম্যাচ। যেখানে থাকবে ছয়টি করে দলের অংশগ্রহণ, অভিভাবকদের অংশগ্রহণমূলক সেশন, কুইজ ও নানা রকম মজার কার্যক্রম। জেলার কার্নিভালগুলো আয়োজিত হবে জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে। তবে পাঁচটি বিভাগীয় সদর দপ্তরে যেসব আয়োজন হবে, সেগুলো বিসিবি সরাসরি পরিচালনা করবে।

এই বছরজুড়ে বিসিবি নানা কর্মসূচির মাধ্যমে উদ্‌যাপন করছে দেশের টেস্ট ক্রিকেটে পথচলার রৌপ্যজয়ন্তী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত