ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আপডেট : ১৯ জুন ২০২৫, ১২:১৫ পিএম

ইরান ইসরায়েলের দিকে আবারও একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আজ বৃহস্পতিবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে। আইডিএফ দাবি করেছে, তারা ইরান থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।  

ইসরায়েলজুড়ে সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়েছে। আইডিএফ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে।  

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ছোড়া অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে, যার ফলে কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  

এদিকে, যুক্তরাষ্ট্রের ঊর্ধতন কর্মকর্তারা ইরানে সামরিক হামলার পরিকল্পনায় তৎপরতা বৃদ্ধি করছেন বলে ব্লুমবার্গ জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিস্থিতি এখনও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে চলতি সপ্তাহান্তেই আক্রমণের সম্ভাবনা রয়েছে। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিলে তা যুক্তরাষ্ট্রের জন্য ‘‘অপূরণীয় ক্ষতি’’ বয়ে আনবে। তিনি বলেন, ‘ইরানি জাতি জোরপূর্বক যুদ্ধ ও জোরপূর্বক শান্তির বিরুদ্ধে দাঁড়াবে। আমরা কোনো চাপের কাছে মাথা নত করব না।’  

এই উত্তেজনার মধ্যেই আঞ্চলিক সংঘাত আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ববাসী এখন পরবর্তী ঘটনাপ্রবাহের দিকে তাকিয়ে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত