শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

আপডেট : ১৯ জুন ২০২৫, ১২:৩৪ পিএম

ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার বিচারকাজের স্বচ্ছতা নিশ্চিত করতে একজন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার অপর অভিযুক্ত হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০)। তাদের বিরুদ্ধে অনলাইনে ছড়িয়ে পড়া ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এমন বক্তব্যসংবলিত একটি অডিওর পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। অভিযোগে দাবি করা হয়েছে, ওই অডিওতে শেখ হাসিনার নাম স্পষ্টভাবে উল্লেখ ছিল।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলাটি দায়ের করেন। গত ৩০ এপ্রিল মামলার শুনানিতে দুই আসামিকে ২৫ মে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত দিনে তারা ট্রাইব্যুনালে হাজির হননি বা কোনো আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি।

পরে আদালত ২৬ মে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়, যাতে আসামিদের হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ২০ জুন মামলার পরবর্তী শুনানির দিনে অ্যামিকাস কিউরি নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত