‘ট্রাম্প অনেক সহায়তা করেছে, তিনি ইসরায়েল ও ইহুদিদের অসাধারণ বন্ধু’

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:৫৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের অসাধারণ বন্ধু হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যে ট্রাম্প ও যুক্তরাষ্ট্র অনেক সহায়তা করেছে বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে বিধ্বস্ত সোরোকা হাসপাতাল কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এ কথা বলেন নেতানিয়াহু।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, ‘এটি প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) সিদ্ধান্ত, তবে আমি আপনাকে বলতে পারি— যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অনেক সহায়তা করেছে। কারণ তারা ইসরায়েল এবং এর শহরগুলো রক্ষায় অংশ নিচ্ছে।’

‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার জন্য যেটা সবচেয়ে ভালো হবে সেটাই করবেন। আমি তার সিদ্ধান্তের ওপর আস্থা রাখি। তিনি একজন অসাধারণ বিশ্বনেতা, ইসরায়েল ও ইহুদি জনগণের অসাধারণ বন্ধু,’ বলেন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, এ সংঘাত শেষে ইসরায়েলের জন্য কোনো পারমাণবিক হুমকি থাকবে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকিও থাকবে না।

প্রায় প্রতিদিন ট্রাম্পের সঙ্গে কথা হয় জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি তার দৃঢ় সংকল্প, তার দৃঢ় চিত্ত এবং তার স্পষ্টতা, যখন তিনি বলেন যে ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। তিনি তাদের আলোচনার মাধ্যমে এটি (ইউরেনিয়ামসমৃদ্ধকরণ বন্ধ করা) করার সুযোগ দিয়েছিলেন। তারা তার সঙ্গে ছলনা করলো, আপনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটা করতে পারেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত