সিংড়ায় চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:৩৩ এএম

গত কয়েক দিনে নাটোরের সিংড়ায় বিদ্যালয়, মাদ্রাসা, বাসাবাড়ি ও সবজির দোকান এমনকি কোরবানির গরুও চুরি হয়েছে। এ ছাড়া চলন্ত মোটরসাইকেল থেকে নারীদের ব্যাগ ছিনতাইয়ের তিনটি ঘটনাও ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে এসব চুরির বিষয়ে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, টহল বাড়ানো হয়েছে এবং অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

জানা যায়, গত মঙ্গলবার (১০ জুন) রাতে পৌর শহরের সরকারপাড়ায় আল-জামিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসা ও এতিমখানার ল্যাপটপ, সিলিং ফ্যান, পাম্প মোটরসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এর আগে গত শুক্রবার (৬ জুন) রাতে চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের ল্যাপটপ, আইপিএসের ব্যাটারিসহ লক্ষাধিক টাকার মালামাল ও মূল্যবান কাগজপত্র চুরি হয়েছে। এ ছাড়া গত ৩০ মে রাতে সোহাগবাড়ি মহল্লার সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে কোরবানির গরুসহ তিনটি গরু চুরি হয়। তিনটি গরুর আনুমানিক দাম ৩ লাখ টাকা। গত শনিবার রাতে পৌরসভার কাঁচাবাজারে চুরি হয়। গত মঙ্গলবার রাতে পৌরসভার সরকারপাড়া মহল্লায় ব্যবসায়ী রোজের বাসা থেকে টেলিভিশন, দামি ডিনার সেট, কাপড় ও ফ্রিজের মাংস চুরি হয়েছে। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিংড়া বাজারের সবজি ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘আমার দোকান থেকে কিছু টাকা ও একটি ডিজিটাল মিটার চুরি হয়ে গেছে। গত ১৫ দিনে এ বাজারে তিনবার চুরি হয়েছে।’

সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বলেন, ‘ঈদের ছুটিতে প্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সুযোগে চোরেরা ল্যাপটপ, আইপিএসের ব্যাটারিসহ মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে।’ আল জামিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা আতিকুর রহমান সাদী বলেন, ‘ঈদের ছুটিতে মাদ্রাসার ল্যাপটপ, ফ্যান, পাম্প মোটর চুরি হয়ে গেছে। সঠিক বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।’

সরকারপাড়া মহল্লার হাফিজুর রহমান বলেন, কিছু এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা হয়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, চুরি-ছিনতাইয়ের ঘটনায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ ছাড়া অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই চোর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত