দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে জড়িত পণ্য ও সেবাবাণিজ্য আন্তর্জাতিক আইনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা পর্যালোচনার জন্য ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৯টি সদস্য রাষ্ট্র। খবর আনাদুলুর।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক পরামর্শমূলক মতামতের পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়েছে।
মতামতটিতে বলা হয়, তৃতীয় দেশগুলোকে এমন কোনো বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে, যা অবৈধ বসতিগুলোর পক্ষে যায়।
বেলজিয়াম ছাড়াও যে দেশগুলো আহ্বান জানিয়েছে, সেগুলো হলো—ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন।
প্রেভো বলেন, “আন্তর্জাতিক আইন রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিতে হবে আইনি স্পষ্টতার ভিত্তিতে।”
তিনি আরও বলেন, “একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় অবস্থান আমাদের নীতিমালায় মূল্যবোধের প্রতিফলন ঘটাতে সহায়ক হতে পারে।”
