চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ চার জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
আটককৃতরা হলেন- মো. জামাল (১৯), মো. হাসান (১৮), মো. নাসিম (১৮) ও মো. সোহাগ (১৫) ।
জাবিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শহরের বড় স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তালিকাভুক্ত সন্ত্রাসী জামাল, হাসান, নাসিম ও সোহাগকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ রাউন্ড গুলি (এ্যমুনেশন), দুটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি, একটি ছুরি এবং ৪ ইয়াবা ট্যাবলেট সেবনের ফিল্টার। তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই রাতে অপর অভিযানে শহরের লঞ্চঘাট এলাকা থেকে মো. সোহেল গাজী (২৭) নামে মোবাইল চোরকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি মোবাইল। অপরদিকে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় মো. তানভীর (২২) নামে মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার করে হয় ৭০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন ।
আটক মাদক কারবারি এবং মোবাইল ফোন চোর উভয়ের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল ও ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভৈরবে নদীতে ডুবে কিশোরের মৃত্যু