ইসরায়েলে সর্বশেষ হামলায় প্রায় ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলো দেশটির হাইফা, বেয়ারশেবা, তেল আবিব ও জেরুজালেমে আঘাত হেনেছে। এর মধ্যে হাইফায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ১৭ জন আহত হয়েছেন।
দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তারা মোট ১৭ জনকে চিকিৎসা দিয়েছে, যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বাকি ১৪ জন হালকা আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ ও মধ্য ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দক্ষিণে বেয়ারশেবা এবং মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি শহরে খণ্ড খণ্ড আঘাতের খবর পাওয়া গেছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরান থেকে ইসরায়েলে প্রায় ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এই হামলায় ইরান আরেকটি ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, যা বিস্তৃত এলাকা জুড়ে আঘাত করে।
এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ইসরায়েলের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর পরই দেশজুড়ে সাইরেন বেজে উঠে।
