ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। হামলার ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরের এক আশ্রয়কেন্দ্রে হার্ট অ্যাটাকে মারা গেছেন ৫১ বছর বয়সী এক নারী। দেশটির জরুরি চিকিৎসা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য নিশ্চিত করেছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সাইরেনের শব্দে সতর্ক হয়ে ওই নারী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। সেখানেই তিনি আকস্মিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হন। চিকিৎসাকর্মীরা প্রাণরক্ষা চেষ্টায় ব্যর্থ হন।
এছাড়া উত্তরাঞ্চলীয় হাইফা শহরে ক্ষেপণাস্ত্র আঘাতে ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত একজন ১৬ বছর বয়সী কিশোর, যিনি শরীরের ওপরাংশে শারপনেল আঘাত পেয়েছেন। এছাড়া ৫৪ ও ৪০ বছর বয়সী দুই পুরুষ গুরুতরভাবে আহত হয়েছেন—তাদের শরীরের নিচের অংশে আঘাত লেগেছে। বাকিদের আঘাত তুলনামূলকভাবে হালকা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে মোট ২৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ইসরায়েলে চ্যানেল–১২ দাবি করেছে, ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৩৯টি।
ইরানের হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলও। আল–জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি'র অধীন ইয়াং জার্নালিস্টস ক্লাব জানিয়েছে, ইসরায়েলি হামলার পর দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
২ চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মামলা নেয়নি পুলিশ