দক্ষিণ আফ্রিকায় বিল্লাল সিকদার (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে দেশটির বুস্টার শহরের ডিউড্রেন্স এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
বিল্লাল সিকদার শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের পশ্চিম দিনারা গ্রামের সিরাজ সিকদারের ছেলে।
নিহত বিল্লালের চাচাতো ভাই ইকবাল সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকবাল সিকদার বলেন, ২০১৬ সালে বিল্লাল সিকদার জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন। তার একটি ছেলে সন্তান আছে। প্রতিদিনের মতো নিজের দোকানে বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিলেন বিল্লাল। হঠাৎ একদল অস্ত্রধারী বিল্লালের দোকানে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে দোকান থেকে মূল্যবান মালামাল ও টাকাপয়সা লুট করে । এসময় তাকে একাধিক গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রবাসী বাংলাদেশীরা ভিডিও করে বিল্লালের মৃত্যুর বিষয়ে পরিবারকে জানায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের কোনো প্রবাসী নিহত হয়েছেন কি না, সেটা আমি জানি না। স্থানীয়ভাবে বিষয়টি কেউ থানায় জানায়নি।
ব্যস্ত সড়কের পাশে মরা গাছ: আতঙ্কে শ্রীপুরবাসী