শ্রীপুরে এবার অস্ত্রের মুখে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি

আপডেট : ২১ জুন ২০২৫, ০২:১৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে ফের ডাকাতি হয়েছে। একদিন আগেই সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার এক চিকিৎসক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটল। শুক্রবার (২০ জুন) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি বাজার এলাকার চিকিৎসক মুর্শেদুল হক শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, শুক্রবার রাতে হালকা বৃষ্টি হয়েছিল। রাত পৌনে তিনটার দিকে একদল ডাকাত ডাক্তার মুর্শেদুল হক শরীফের বাড়িতে ঢুকে পড়ে। তারা  মই বেয়ে দোতলার রুমের দরজা ভেঙে ঘরে ঢুকে। এরপর অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এ সময় ডাকাতরা মুখোশ পড়ে ছিল।

চিকিৎসক মুর্শেদুল হক শরিফ জানান, ঘরে ৮-১০ জন ডাকাত লুটপাট চালায়। বাইরে আরও ছিল। তবে সবার মুখে কাপড় বাঁধা ছিল। এ সময় ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলে। তবে কাউকে মারধর করেনি। তিনি দাবি করেন স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ অন্তত ২২ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে।  

শ্রীপুর মডেল থানার  পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুটের মাল উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করছে। অপর দিকে বরমী সড়কে ডাকাতি কালে আটক চার ডাকাতের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদের জিজ্ঞাসাবাদ কারা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত