ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, ইসরায়েলকে পুতিন

আপডেট : ২১ জুন ২০২৫, ০২:৩৯ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। বিষয়টি নিয়ে ইসরায়েলকে বহুবার আশ্বস্ত করেছে রাশিয়া। শনিবার (২১ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো বহুবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার জাতীয় গোয়েন্দাপ্রধান ভুল বলেছেন। কারণ এর আগে তিনি (গোয়েন্দা প্রধান) মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না।

এই সপ্তাহে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে রাশিয়ার প্রস্তুতির কথা বারবার জানিয়ে এসেছেন।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ এনে গত ১৩ জুন ইরানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এ নিয়ে টানা নবম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে। এতে উভয়পক্ষের শত শত মানুষ হতাহত হয়েছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত