খুলনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট : ২১ জুন ২০২৫, ০৪:০২ পিএম

খুলনা মহানগরীর ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন বুলবুলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে তাদের নগরীর টুটপাড়া তালতলা মেইন রোড থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশি, বিদেশি অস্ত্র এবং ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর টুটপাড়ার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), শেখ তৌহিদুর রহমান (৪২), শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান (১৯) এবং মোহাম্মদ আরিফ হোসেন (৩১)। খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা পুলিশ শুক্রবার রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে এই চারজনকে আটক করে।

আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত