পান্তকে ধোনির চেয়েও বড় উইকেটকিপার-ব্যাটার বললেন মাঞ্জরেকার

আপডেট : ২২ জুন ২০২৫, ১২:৫৪ পিএম

হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত। নিজের স্টাইলে আক্রমণাত্বক কিন্তু নিয়ন্ত্রিত ইনিংস খেলে তিনি ইংলিশ বোলারদের চাপে ফেলে দেন। সেঞ্চুরির বিচারে তিনি ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনিকেও। টেস্ট ফরম্যাটে সেই ধোনির থেকে পান্তকে বড় উইকেটকিপার বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

বিদেশের মাটিতে ৪৮টি টেস্টে ধোনি করেছেন ২৪৯৬ রান, আছে ১৮টি হাফসেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। পান্ত ইতিমধ্যেই বিদেশের মাটিতে ৩০টি ম্যাচে ১৯৭৬ রান করেছেন। ‘জিও হটস্টারে’ বিশ্লেষণ করতে গিয়ে মাঞ্জরেকার বলেন, ‘আমি সেঞ্চুরি দেখতে ভালোবাসি। কেউ সেঞ্চুরি করলে আগে দেখি, সে কোথায় সেঞ্চুরি করেছে। পান্তকে দেখুন, ইংল্যান্ডে সেঞ্চুরি আছে। দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছে। অস্ট্রেলিয়ায় তো দুটি সেঞ্চুরি আছে।’

তিনি আরও বলেছেন, ‘আপনারা একবার ধোনির সেঞ্চুরিগুলো দেখুন। তার সমর্থকদের প্রতি সমীহ রেখেই বলছি, বিদেশে কঠিন উইকেটে যেখানে ছিল সেখানে ধোনির খুব বেশি সেঞ্চুরি নেই। দেশের মাটিতে আছে। টেস্ট ক্রিকেট পান্ত ইতিমধ্যেই ধোনির থেকে এগিয়ে গেছে। ভারতের সেরা উইকেটকিপার-ব্যাটার পান্তই। আজও ভেবেছিলাম হয়তো নার্ভাস নাইন্টিতে আউট হবে। আসলে এতবার নার্ভাস নাইন্টিজে আউট হয়েছে যে অবাক লাগে।’

পান্তের ব্যাটিংকে ইংলিশ সমর্থকেরা যেভাবে সম্মান জানিয়েছেন, তারও প্রশংসা করেছেন মাঞ্জরেকার। বলেছেন, ‘পান্তর ব্যাটিং তাজা ফুরফুরে বাতাসের মতো। আউট হওয়ার পর পান্ত ব্যাট তোলার সময় অনেক ইংলিশ সমর্থক উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছে। এটাই ইংল্যান্ডের বৈশিষ্ট্য। তারা ভালো ক্রিকেট দেখতে স্টেডিয়ামে যায়। অবশ্যই সবাই নিজের দেশের জয় চায়, তবে প্রতিপক্ষ ক্রিকেটার ভালো খেলল তাকেও সম্মান জানাতে ভোলে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত