ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ ৬ জন আহত হয়েছেন।
আজ রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামে রেলওয়ের একটি পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইছাম উদ্দিনের সাথে একই গ্রামের ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছে। উভয়পক্ষের দাবি তারা পুকুরের লিজ নিয়ে রেখেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে দুপুরে চানপুর গ্রামে রেললাইনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছেলে মেহেদী ও তার পক্ষের হুমায়ুন কবির নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় প্রতিপক্ষ মো. ইছাম উদ্দিন, তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলামও আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অন্য আহতদের জেলা সদর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রেলওয়ের একটি পুকুরের লিজ নেয়ার দাবি ও দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজনের হাতের কব্জি বিচ্ছিন্নসহ পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
করোনায় একদিনে ৫ জনের মৃত্যু
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৮৬