রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালে দুই দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে আইডিএলসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে গৃহীত এই উদ্যোগের আওতায় খালের ৮০০ মিটার অংশ পরিষ্কার করা হয়, যেখানে অতিরিক্ত ময়লা জমার ফলে স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ফুটস্টেপস বাংলাদেশ; এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে যৌথভাবে গত ২০ ও ২১ জুন তারিখে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আইডিএলসি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযানের স্থান পরিদর্শন করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন। আইডিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাসুদ করিম মজুমদার, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার; সৈয়দ জাভেদ নূর, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অফ বিজনেস; এবং আসিফ সাদ বিন শামস, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ রিস্ক অফিসার। এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর মো. এজাজ, এবং ফুটস্টেপস বাংলাদেশের কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী আয়োজনে উপস্থিত ছিলেন।
অতীতে নিকটবর্তী অঞ্চলের যথাযথ পানি নিষ্কাশন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিনের আবর্জনা জমে রামচন্দ্রপুর খালে প্রায় পাঁচ ফুট পুরু একটি স্তর তৈরি হয়। এই ময়লা-আবর্জনার স্তুপ আশপাশের এলাকায় এটি পরিবেশগত ঝুঁকি তৈরি করে, বিশেষত পার্শ্ববর্তী আদাবর ১০ নং রোডের স্কুলগামী শিশুদের স্বাস্থ্যের উপর এটি বিরূপ প্রভাব ফেলে।
এই উদ্যোগের মাধ্যমে বদ্ধ খালের পানিপ্রবাহ স্বাভাবিক করতে এবং আশেপাশের এলাকার পরিবেশ উন্নয়নে অর্থায়ন করে আইডিএলসি। ডিএনসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবক এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। স্থানীয় জনগণকে দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করার জন্য অভিযান পরিচালনার আগে প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করে ফুটস্টেপস বাংলাদেশ। স্বেচ্ছাসেবীদের জন্য আয়োজিত বিশেষ নলেজ-শেয়ারিং সেশনে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা দেন এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিত্ব শিল্পী ও সমাজকর্মী মোরশেদ মিশু, ফুটস্টেপস বাংলাদেশের কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী, এবং রেডঅরেঞ্জ কমিউনিকেশনের অপারেশনস ম্যানেজার মাহফুজুল হাসিব অনি। ভবিষ্যতে এধরণের দূষণ ঠেকাতে এই উদ্যোগের আওতায় খালের পাশে ডাস্টবিন ও সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, এবং সুরক্ষা বেষ্টনী তৈরির মতো কিছু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
