দাবি রয়টার্সের

রাশিয়ার আরও বেশি সহায়তা চেয়ে পুতিনকে খামেনির চিঠি

আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:২৭ পিএম

পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার আরও বেশি সহায়তা চেয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মাধ্যমে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটির দাবি, সোমবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আরাঘচির বৈঠকে খামেনির এ চিঠি হস্তান্তর করার কথা ছিল।

চিঠিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে রাশিয়ার পক্ষ থেকে আরও সাহায্য চেয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তবে মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

খবরে বলা হয়, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন ইসরায়েলি হামলার নিন্দা জানালেও ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। যদিও গত সপ্তাহে তিনি শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন এবং পরমাণু কর্মসূচির বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে মস্কোর সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে পুতিন বলেন, ‘বহিরাগত আঞ্চলিক শক্তিগুলোকেও এই সংঘাতে টেনে আনা হচ্ছে। এমন সিদ্ধান্ত বিশ্বকে একটি বিপজ্জনক অবস্থানে নিয়ে যাবে।’

ইরানি সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ইরান এখন পর্যন্ত রাশিয়ার সহায়তায় মুগ্ধ নয়। দেশটি চায় পুতিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বেশি কিছু করুক। তেহরান কী ধরনের সহায়তা চায় সে বিষয়ে সূত্রগুলো বিস্তারিত কিছু জানায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত