ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন দ্বিতীয় স্ত্রী

আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:১৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন এক স্ত্রী। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রী কল্পনা বেগম (২৫) ও শ্বশুর বাবর আলী পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. উজ্জ্বল (৩৫) সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। কল্পনা তার দ্বিতীয় স্ত্রী। কল্পনার সঙ্গে কিছুদিন যাবৎ শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

জানা গেছে, রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় কল্পনা ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। উজ্জ্বল রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকলে তার মোবাইল ফোন থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে বিষয়টি তৃতীয় স্ত্রী ফারজানাকে জানায়।

তিনি তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থার কথা জানিয়ে তাকে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) রেফার করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, এটি একটি স্পর্শকাতর ঘটনা। স্বামী উজ্জ্বলকে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তসাপেক্ষ, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত