সংবাদ সম্মেলন করে এনসিপি থেকে ৩ সদস্যের পদত্যাগ

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৪:৪০ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি থেকে মাত্র বিশ দিনের মাথায় তিন সদস্য পদত্যাগ করেছেন। বুধবার (২৫ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে তারা নিজেদের পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন পীরগঞ্জ উপজেলা এনসিপির ২৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির সদস্য তৌফিক হাসান, মোক্তাদি কেমি ও জাহাঙ্গীর আলম জাকির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৌফিক হাসান। তিনি লিখিত বক্তব্যে বলেন, গভীর ভাবনা ও পর্যবেক্ষণের পর আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই কমিটির গঠন প্রক্রিয়া আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিকতা এবং ন্যায়বোধের সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। তাই আমরা গঠিত সমন্বয় কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি পদত্যাগের ৬টি কারণ উল্লেখ করে বলেন, কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে যাদের অতীত কর্মকাণ্ড বিতর্কিত। দলের জন্য কাজ করা, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করে উপেক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নয়, একক সিদ্ধান্তে কমিটি গঠন করা হয়েছে। যেসব ব্যক্তি দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষা করেননি তাদেরই সমন্বয়ক পদ প্রদান করা হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া নারী সংগঠকদের কোনো স্থান দেওয়া হয়নি। কমিটি গঠনের পুরো প্রক্রিয়াটি ছিল পক্ষপাতপুষ্ট। ফলে আমাদের বিশ্বাসের জায়গা নষ্ট হয়েছে। তাই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি থেকে পদত্যাগ ঘোষণা করছি।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জিসান, বিশাল, লেলিন, মেহেদি, শাওন, শুভ, মাহিদ, ও আপন উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত