কক্সবাজারে ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, মৃত্যু ৬ জনের

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৭:২৫ পিএম
কক্সবাজারে ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছে ক্রমাগত। আক্রান্তের দিক থেকে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগির মৃত্যুর সংখ্যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরিমধ্যে করোনার প্রকোপ বাড়ায় শঙ্কা প্রকাশ করেছে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ।
 
গত ৬ মাসে কক্সবাজার জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৩১ জন। যেখানে গত ২৫ দিনের আক্রান্তের সংখ্যা ২১৬ জন। এর আগে জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে ২১৫ জন আক্রান্ত ছিলেন। গত ২৫ দিনের আক্রান্তের ২১৬ জনের মধ্যে স্থানীয় ১৪২ জন এবং রোহিঙ্গা ৭৬ জন। জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে আক্রান্ত ২১৫ জনের মধ্যে ১০৮ জন স্থানীয় এবং ১০৭ জন রোহিঙ্গা রয়েছে।
 
এখন পর্যন্ত কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু না হলেও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৫ মাসে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যা বিভাগের কর্মকর্তা পংকজ পাল। তিনি জানান, ম্যালেরিয়ায় গত ২৪ ঘন্টায় ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জুনের ২৫ দিনে কেউ মারা গেছেন কিনা এটা মাসের শেষে জানা যাবে। এর আগে ম্যালেরিয়ায় ২০২৪ সালে ৫ জন এবং ২০২৩ সালে ১ জনের মৃত্যু হয়েছে।
 
অপরদিকে কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা পংকজ পালের দেয়া তথ্য বলছে, কক্সবাজার জেলায় রোহিঙ্গাসহ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৮ জন। এর মধ্যে স্থানীয় আক্রান্তের সংখ্যা ৩০৩ জন। রোহিঙ্গা আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০৫ জন।
 
মাসিক পরিসংখ্যান অনুযায়ী চলতি জুনের ২৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হিসেবে ৮৫৬ জন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৩০ জন স্থানীয় আর ৭২৬ জন রোহিঙ্গা। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৮৪৭ জন, যেখানে ৭৭ জন স্থানীয় এবং ৭৭০ জন রোহিঙ্গা। এপ্রিল মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৪২৩ জন, যেখানে ২৮ জন স্থানীয় এবং ৩৯৫ জন রোহিঙ্গা। এছাড়া মার্চ মাসে ৭৭ জন, ফেব্রুয়ারি মাসে ৮৬ জন, জানুয়ারি মাসে ২১৯ জন আক্রান্ত হয়েছিল।

কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যা বিভাগের কর্মকর্তা পংকজ পাল জানিয়েছেন, বর্তমানে কক্সবাজারে ১৬ জন করোনায় আক্রান্ত রয়েছেন। যেখানে ৫ জন স্থানীয় এবং ১১ জন রোহিঙ্গা। কক্সবাজার সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানিয়েছেন, করেনায় আক্রান্ত সকলেই নিজ বাড়িতে রয়েছেন। এর মধ্যে প্রতিটি উপজেলায় আইশোলেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের প্রকোপের অন্যতম কারণ হিসেবে সচেতনার অভাব রয়েছে জানিয়ে সিভিল সার্জন জানান, মুলত পরিচ্ছন্নতা অভাব, যেখানে সেখানে পানি জমি যাওয়া, অপরিচ্ছন্ন নর্দমার কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আর ম্যালেরিয়া কক্সবাজারে ছিল না। এটা বান্দরবনের পাহাড়ি এলাকা থেকে এসেছে। কক্সবাজার জেলার মানুষের সাথে বান্দরবনের আশা-যাওয়া বেশি। এটার জন্যও খুবই সচেতন হওয়া জুরুরি।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত