আজ থেকে ২৫ বছর আগে, ২০০০ সালের ২৬ জুন আইসিসির পূর্ণ সদস্য দেশ হয় বাংলাদেশ। আগামীকাল টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পথচলার রজতজয়ন্তী। এমন আবহকে ঘিরে সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে বিসিবি। অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড টুর্নামেন্ট, চিত্রাঙ্কন ও ধারাভাষ্য প্রতিযোগিতা, ‘হিট দা স্টাম্প’ চ্যালেঞ্জসহ নানান আয়োজনে আজ ঢাকা পর্ব অনুষ্ঠিত হয় ধানমণ্ডির রিয়া গোপ উইমেনস স্পোর্টস কমপ্লেক্সে। এর আগে একই আয়োজন হয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে।
সারা দেশ ঘুরে রজতজয়ন্তীর দিনে বাংলাদেশের প্রথম টেস্ট দলের সদস্যদেরকে সঙ্গে নিয়ে আগামীকাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্লাজায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবার। এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘টেস্ট ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পরিচয়। টেস্ট খেলে বলেই আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ। এটা যেন আরও ফোকাস করতে পারি, টেস্ট দলের পারফরম্যান্স ও দেশব্যাপী ক্রিকেটের উন্মাদনা, মানুষ যে ক্রিকেট ভালোবেসে বাংলাদেশের ভালোবাসা বুকে ধারণ করতে চায়, এসব অবজেক্টিভ নিয়েই কাজ করছি এবং অত্যন্ত সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
টেস্ট মর্যাদার ২৫ বছরে কখনোই কোনো আয়োজন করেনি বিসিবি। এবারই প্রথম এদিনটি উদযাপন করা হচ্ছে। বিকেল ৪টা থেকে শুরু হওয়া বিসিবির এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী টেস্ট দলের সদস্যদের হাতে স্মারক ব্লেজার ও ক্যাপ হস্তান্তর করা হবে। সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করবেন প্রথম টেস্ট দলের ক্রিকেটার ও অতিথিরা। এছাড়া আয়োজনের মধ্যে রয়েছে কেক কাটা ও ফটোসেশন পর্ব।
২০০০ সালের ২৬ জুন টেস্ট স্বীকৃতি পাওয়ার পর ভারতের বিপক্ষে ১০ নভেম্বর প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। আমিনুল ছাড়াও নাইমুর রহমানের নেতৃত্বে ওই ম্যাচের স্কোয়াডে ছিলেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন, আকরাম খান, এনামুল হক, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, আল শাহরিয়ার রোকন, জাভেদ ওমর বেলিম, ফাহিম মুনতাসির, মেহেবার হোসেন, শাহরিয়ার হোসেন, বিকাশ রঞ্জন দাস, রাজিন সালেহ, মঞ্জুরুল ইসলাম। তাদের নিয়েই রজতজয়ন্তীর আনন্দ ভাগাভাগি করতে চান আমিনুল, ‘আমাদের আগের ক্রিকেটার যারা ছিলেন, ফারুক (আহমেদ) ভাই, আতাহার (আলি খান) ভাই ছিলেন, (মিনহাজুল আবেদিন) নান্নু ভাই ছিলেন- অনেক ক্রিকেটার ছিল যারা টেস্ট খেলার সুযোগ পায়নি। আমরা ওই সময় নিজেদের ভাগ্যবান মনে করতাম যে, প্রথম টেস্টে খেলতে পেরেছিলাম।’
‘সেই স্কোয়াডের যারা অ্যাভেইলেবল আছে, সবাইকে কালকে (বৃহস্পতিবার) আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি। মূলত আমাদের ২৫ বছরের সেই স্মৃতিতে ফিরে যাওয়া, আমাদের সেই ক্রিকেটের বন্ধুত্ব যেন অটুট থাকে এবং তাদেরকে সম্মাননা জানানো।’- যোগ করেন বিসিবি সভাপতি।
কলম্বো টেস্ট: প্রথম দিনেই ৮ উইকেট নেই বাংলাদেশের, সংগ্রহ মাত্র ২২০
'ক্রিকেটকে ব্যবহার করে দেশের পর্যটন খাতকে আরও উন্নত করাই প্রধান লক্ষ্য'