সিলেটে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা

আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:২২ পিএম

সিলেট নগরীর মেজরটিলা এলাকায় দুই মাস বয়সী এক মেয়ে শিশুকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। ওই শিশুর বাবার গলায়ও ছুরি দিয়ে কাটা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানকে হত্যা করে ওই বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (২৫ জুন) বিকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইনায়া রহমান। তার বাবা আতিকুর রহমান পেশায় সিএনজি অটোরিকশা চালক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবার নিয়ে নগরীর মেজরটিলা বাজারসংলগ্ন ইসলামপুর এলাকার আনছার মিয়ার বাড়িতে ভাড়া থাকেন আতিকুর রহমান। বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। বিকাল ৫টার দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার দুই মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই আতিকুর রহমানের গলাও কিছুটা কাটা রয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আতিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রহস্য উদঘাটনের চেষ্টা করছে। বাবা তার মেয়েকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন কি-না তা তদন্তেই বেরিয়ে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত