তাজিয়া মিছিলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:৪২ এএম

আশুরা উদযাপনে তাজিয়া/শোক মিছিলের শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল বুধবার সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে আসন্ন আশুরা উদযাপন ও তাজিয়া/শোক মিছিলের কর্মসূচিসমূহ সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্তে ডিএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিএমপি কমিশনার এই মন্তব্য করেন।

সমন্বয় সভায় যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনায় ঢাকা শহরে তাজিয়া/শোক মিছিল উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেবা সংস্থা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, তারা যাতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখে যারা মিছিলের শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আগামী ৫ জুলাই হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা অনুষ্ঠিত হবে। যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সবাইকে চেষ্টা করতে হবে। তাজিয়া মিছিল শুরু থেকে ভিডিও ক্যামেরা রাখতে হবে যেন মিছিলে কোনো ধরনের অনাকাক্সিক্ষত কিছু ঘটতে না পারে।

রথযাত্রা উপলক্ষে ডিএমপির নির্দেশনা: সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রথযাত্রা উপলক্ষে ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি। গতকাল ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭ জুন অর্থাৎ শুক্রবার বিকেল ৩টায় সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রথযাত্রা এবং ৫ জুলাই অর্থাৎ শনিবার বিকেল ৩টায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, স্বামীবাগস্থ ইসকন মন্দির, জয়কালী মন্দির থেকে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী থেকে ঢাকেশ্বরী মন্দির। আগামী ২৭ জুন এবং ৫ জুলাই শনিবার বর্ণিত সড়কসমূহ  বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয় বলেও জানান বিজ্ঞপ্তিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত