পাবনার রূপপুরে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি লোডের প্রস্তুতি হিসেবে রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের কন্টেইনমেন্ট (সুরক্ষা ব্যবস্থা) এর অভেদ্যতা ও শক্তি মানের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাশিয়ার আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন পরমাণু শক্তি কমিশন। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। প্রকল্পে দুটি ১ হাজার ২০০ মেগাওয়াটের ইউনিট মিলে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
নির্মাণকাজ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম। শিগগিরই জ্বালানি লোডিং ও স্টার্টআপের জন্য প্রথম ইউনিটের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে সম্প্রতি প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কন্টেইনমেন্টের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
রসাটম জানিয়েছে, পরীক্ষায় কন্টেইনমেন্টের অভ্যন্তরীণ চাপ বাড়ানো হয়েছে, যেখানে একটি উচ্চক্ষমতার কম্প্রেসর ব্যবহৃত হয়। এ সময় কাঠামোর দৃঢ়তা ও অভেদ্যতা যাচাই করা হয়। জ্বালানি লোডিংয়ের আগে এটি গুরুত্বপূর্ণ, কারণ বিপর্যয়ের ক্ষেত্রে কন্টেইনমেন্টই শেষ সুরক্ষা।
