গাজায় ইসরায়েলি হামলা

নিহত আরও ১০০ ফিলিস্তিনি

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:৪৯ এএম

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন শত শত মানুষ। নিহতদের মধ্যে রয়েছে শিশু ও ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীরা। বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি জানায়, গাজা উপত্যকায় বুধবার (২৫ জুন) দিনভর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অনেকেই খাদ্য ও মানবিক সহায়তা নিতে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল ও সংবাদ সংস্থাগুলোর চিকিৎসা সূত্র।

আনাদোলু জানায়, গাজার পূর্বাংশে শাজাইয়া এলাকায় দুটি বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার নেৎজারিম করিডোরে সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আটজন নিহত হয়েছেন।

দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিম অংশে তিনজন সহায়তা প্রত্যাশীকে গুলি করে হত্যা করা হয়েছে। পশ্চিম গাজা শহরে একটি বাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু। আহত হয়েছেন আরও অনেকে।

গাজা শহরের উত্তর-পশ্চিমাংশে এক ফিলিস্তিনি বাড়িতে গোলাবর্ষণে একজন মা ও তার দুই সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া আল-নাজলায় দুটি বাড়ি ধ্বংস হওয়ার পর তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্দ্রীয় গাজার দেইর আল-বালাহ শহর ও নুসাইরাত শরণার্থী ক্যাম্পে দুটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

খান ইউনুসের পূর্ব অংশের আবাসান শহরে একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে সহায়তা নিতে আসা দুইজনসহ পাঁচজন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ওমারি মসজিদের কাছে মানুষ জড়ো হওয়ার সময় এক বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত