কুসঙ্গে পড়ে ক্যারিয়ার থমকে গেছে –পৃথ্বীর সরল স্বীকারোক্তি

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৬:৪৫ পিএম

সাড়া জাগিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটেছিল পৃথ্বী শয়ের। কি্নতু তারপর থেকেই তিনি ধীরে ধীরে ক্রিকেট সার্কিট থেকে দূরে সরে গেছেন। তার ফিটনেস ও শৃঙ্খলা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কিছুদিন এসব অভিযোগ অস্বীকার করলেও অবশেষে তিনি স্বীকার করে নিয়েছেন যে, খারাপ সঙ্গে পড়েই তার ক্যারিয়ারের এই হাল! ব্যর্থতার সব দায় নিজেকেই দিয়েছেন এই ভারতীয় ব্যাটার।

ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পৃথ্বী বলেছেন, ‘লোকে বাইরে থেকে অনেককিছুই বলতে পারে। কিন্তু কী হয়েছিল সেটা তো আমি জানি। জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটে সময় কমিয়ে দিয়েছিলাম। আগে প্রতিদিন টানা ৩-৪ ঘণ্টা ব্যাট করতাম, কখনই ক্লান্ত হতাম না। দিনের অর্ধেক সময় মাঠেই কাটাতাম। কিন্তু আমি স্বীকার করছি যে ক্রিকেট থেকে আমি সরে গিয়েছিলাম।’

পৃথ্বী জানান, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে তিনি ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন, ‘ওই সময় যে গুরুত্বপূর্ণ নয়, তাকেই গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করেছিলাম। বন্ধু বাছাই করতে ভুল করেছি। তখন আমি তারকা হয়ে যাওয়ায় অনেকেই বন্ধুত্ব করতে এসেছিল। তারা আমাকে এখানে-সেখানে নিয়ে যেত। এসবে জড়িয়ে পড়ে ক্রিকেট থেকেই সরে গেলাম। অনুশীলনে সময় কম দিতে শুরু করলাম; ক্ষতিটা হলো আমারই।’

২০১৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল পৃথ্বীর। অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। কিন্তু তার আন্তর্জাতিক ক্যারিয়ার ৫ টেস্ট আর ৬ ওয়ানডেতেই থমকে গেছে। কঠিন সময়ে শুধু রিশাভ পান্ত আর শচীন টেন্ডুলকার তার খোঁজ নিতেন বলে জানান পৃথ্বী, ‘শুধু পান্ত আমাকে ফোন করেছিল। আর শচীন স্যারও আমার খবর রাখতেন। উনি সবকিছু জানেন। অর্জুনের সঙ্গেই তো আমি বড় হয়েছি। আমি শচীন স্যরের বাড়িতেও গেছি।’

ফিটনেস আর শৃঙ্খলার ঘাটতির কারণে ঘরোয়া ক্রিকেটেও মুম্বাই দলে জায়গা হারান পৃথ্বী। গত তাকে দলে নেয়নি মুম্বাই। গতবারের আইপিএলের নিলামেও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেললেও ধারাবাহিকভাবে সুযোগ পাননি। আগামী মৌসুমে তিনি মহারাষ্ট্রের হয়ে খেলতে চান। আবার ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত