চট্টগ্রাম নগরীর ওয়েল পার্ক রেসিডেন্স হোটেলের সেমিনার কক্ষে আজ অনুষ্ঠিত হল ‘ডিসেমিনেশন ওয়ার্কশপ অন ওয়েস্ট টু অ্যাসেট প্রজেক্ট’ শীর্ষক একটি গবেষণাভিত্তিক ওয়ার্কশপ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর যৌথ উদ্যোগে এই ওয়ার্কশপটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৩য় ফ্যাক্টরি প্রধান মো. মাসুদুল হাসান। ওয়েস্ট টু অ্যাসেট প্রকল্পের গবেষণার ফলাফল, উদ্ভাবন এবং নতুনত্বের বিষয় সমূহ উপস্থাপন করেন চুয়েটের পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন ও ওয়েস্ট টু অ্যাসেটের প্রকল্প প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। সড়ক নির্মাণ সামগ্রী হিসেবে সিমেন্টের সহিত পেইন্টস কারখানায় উৎপাদিত স্লাজ ব্যবহারে পরিবেশগত উৎকর্ষ সাধন ও অর্থনৈতিক তাৎপর্য গবেষণার উপস্থাপনায় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বক্তব্যে তিনি বলেন, ‘এই গবেষণায় পেইন্ট ফ্যাক্টরিতে উৎপন্ন স্লাজগুলোকে পেভার ব্লক তৈরিতে সিমেন্টের আংশিক প্রতিস্থাপন হিসেবে ব্যবহারের যে অসাধারণ পদ্ধতি তুলে ধরা হয়েছে, তা কেবল পরিবেশ সুরক্ষায় নয়, বরং অর্থনৈতিক ক্ষেত্রেও বিপ্লব ঘটাতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক, সোনিয়া সুলতানা, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ প্রোডাকশন অফিসার অনুপম পাল, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ ওয়ার্কস চট্টগ্রাম ফ্যাক্টরি মো. কাউসার হাসান ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ আর.এন্ড.ডি কর্মকর্তা এ.এস.এম ওবায়দুল্লাহ মাহমুদ। ওয়ার্কশপে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীগণ ও বিভিন্ন নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সর্বশেষে ওয়েস্ট টু অ্যাসেট প্রকল্প উপ-প্রধান অধ্যাপক ড. আসিফুল হকের বক্তব্যের মাধ্যমে ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বার্জার পেইন্টস চট্টগ্রাম ফ্যাক্টরির হেড আউটসোর্সড প্রোডাকশন অসীম বিশ্বাস ও বার্জার পেইন্টস চট্টগ্রাম ফ্যাক্টরির হেড প্রোডাকশন – রেসিন মো. শহীদুল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রকল্পের গবেষণা সহকারী জুশান আব্দুল্লাহ।
