মাদকের কালো থাবা থেকে জনগণকে রক্ষা করতে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ একযোগে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব সরদার তমিজউদ্দীন আহমেদ।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা ও গঙ্গাসাগর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, রেলপথ ব্যবহার করে মাদক পাচার প্রতিরোধে রেলওয়ে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে। যেসব স্টেশনে এখনও পুলিশ মোতায়েন নেই, সেসব স্থানে দ্রুত সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অতিরিক্ত আইজিপি আরও বলেন, মাদক চোরাচালান, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন করতে রেলওয়ে পুলিশকে আরও সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রেলওয়ে পুলিশের সেবার মান কিভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়েও কাজ চলছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শেখ মো. রেজাউল হায়দার পিপিএম (বার), ডিআইজি, এইচআরএম অ্যান্ড ইন্টেলিজেন্স, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, মো. গোলাম রউফ খান, পিপিএম (বার), এনডিসি ক্রাইম ম্যানেজমেন্ট, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, সিলেট জেলা রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ মেহদী হাসান, আখাউড়া রেলওয়ে সার্কেল এএসপি এরশাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকির (ওসি) মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
