মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্বে এক শিশুর হাতে আরেক শিশু খুন

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম

মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্বে নাটোরের বড়াইগ্রামে ১২ বছর বয়সের এক শিশুর হাতে মিনহাজ হোসেন আবির (৯) নামে আরেক শিশু খুন হয়েছে। জানা গেছে, ইট দিয়ে মাথা থেতলে শিশুটিকে নির্মমভাবে হত্যা করে অভিযুক্ত অপর শিশু হযরত আলী। 

শুক্রবার সকালে হযরত আলীকে গ্রেপ্তার করে হত্যার মূল রহস্য উদঘাটন করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আবির উপজেলার মহিষভাঙ্গা মহল্লার কাতার প্রবাসী মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্ত হযরত আলী একই গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। সে মহিষভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেস ব্রিফিংয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের তথ্য জানান। 

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আবির তার বাবার ব্যবহৃত স্মার্টফোন ও তার বাইসাইকেলটি নিয়ে ঘুরতে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে পাশের মসলা মিলের ফাঁকা মাঠে রক্তমাখা বাইসাইকেল ও স্যান্ডেলসহ আবিরের মাথা থেতলানো লাশ পান। 

থানা ও প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, বিকালে আবির ও হযরত একসঙ্গে বসে মোবাইলে গেম খেলছিল। এ সময় খেলা নিয়ে দ্বন্দ্বে তাদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে সাইকেল ফেলে রেখে কিছু দূরে গেলে হযরত পাশে থাকা ইট দিয়ে আবিরের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে হযরত তাকে পাশেই ভুট্টার শুকনো গাছের পালার নিচে লুকিয়ে রেখে মোবাইল নিয়ে চলে যায়। শুক্রবার সকালে পুলিশ হযরতকে গ্রেপ্তার করলে সে প্রাথমিক স্বীকারোক্তিতে এসব তথ্য জানায়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই বাড়ি থেকে আবিরের মোবাইলটি জব্দ করা হয়।  

নিহতের বাবা মিলন হোসেন জানান, ঈদের ছুটিতে বাড়িতে আসার পর থেকে ছেলেটা বেশিরভাগ সময় আমার সঙ্গেই থাকতো। গতকাল মোবাইল ও সাইকেল নিয়ে সে ঘুরতে যায়। আমি বাড়িতে থেকেও আমার সন্তানকে নিরাপদ জীবন দিতে পারলাম না এ দুঃখ আমি রাখি কোথায়?

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার ও হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। শুক্রবার ওই শিশুকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের লাশের শুক্রবার ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত