নকআউটে মুখোমুখি রিয়াল-জুভেন্তাস

আপডেট : ২৮ জুন ২০২৫, ১২:৫৬ এএম

অনেকটা সময় পর দেখা গেল ভিনিসিয়ুস ঝলক। প্রথম গোলটি নিজে করলেন আর দ্বিতীয়টি করালেন। তাতে আরবি সলজবুর্গের বিপক্ষে জাবি আলোনসোর দল পেল ৩-০ গোল ব্যবধানের সহজ জয়। গ্রুপসেরা হয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে রিয়াল মুখোমুখি হবে জুভেন্তাসের।

ফিলাডেলফিয়ায় শুরু থেকেই গোছানো ফুটবল খেলে সলজবুর্গকে চাপে রাখে রিয়াল।  ৪০ মিনিটে গোলের দেখা পান ভিনি। বেলিংহ্যামের পাস পেয়ে এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সের বাইরে থেকেই গড়ানো শটে গোল করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। সলজবুর্গের আগে ভিনি রিয়ালের হয়ে সবশেষ গোল করেছিলেন গত ১৬ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে। এরপর টানা ৮ ম্যাচে গোল পাননি।

দ্বিতীয় গোলেও ভিনির অবদান। প্রথমার্ধের যোগ করা সময়ে গুলেরের থেকে বল পেয়ে বিপজ্জনকভাবে বক্সে ঢুকে যান ভিনিসিয়ুস। ছোট বক্সে ঢুকে গিয়ে নিজে শট না নিয়ে ব্যাক হিল করে বল দেন ভালভার্দেকে। উরুগুইয়ান এই মিডফিল্ডারের ডান পায়ের গড়ানো শট ঠেকানোর কোনো উপায়ই ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের। দারুণ ব্যাকপাসটি নিয়ে ম্যাচ শেষে ভিনি বলেন, ‘গোল বানাতে পছন্দ করি। সবাই ভেবেছিল শট নেব। ফেদে পেছন থেকে চিৎকার করলে তাকে দিই (পাস)। আজকের খেলায় খুব সন্তুষ্ট।’ ৮৪ মিনিটে রিয়ালের হয়ে স্কোর ৩-০ করেন গঞ্জালো গার্সিয়া। গ্রুপের আরেক ম্যাচে পাচুকাকে ২-০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপের রানার্স আপ হয়ে ম্যানসিটির মুখোমুখি আল-হিলাল।

সিটিতে বিধ্বস্ত জুভেন্তাস : ‘জি’ গ্রুপে ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাসের ম্যাচটি ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। ফ্লোরিডায় ম্যানসিটি ৫-২ গোলে হারিয়েছে জুভেন্তাসকে। সিটির একটি গোল আত্মঘাতী। বাকি চারটি গোল করেন জেরেমি ডকু, আর্লিং হালান্ড, ফিল ফোডেন ও সাভিনহো। জুভেন্তাসের গোল দুটি করেন কোপমেইনারস ও দুশান ভøাহোভিচ।

সলজবুর্গের বিপক্ষে বল জালে পাঠিয়ে পেশাদার ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্লিং হালান্ড। তাতে হালান্ডের লেগেছে মাত্র ৩৭০ ম্যাচ। দ্রুততায় হালান্ড পেছনে ফেলেছেন তিন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (৫৫৪ ম্যাচ), লিওনেল মেসি (৪১৮ ম্যাচ) ও কিলিয়ান এমবাপ্পেকে (৪০৯ ম্যাচ)।

ম্যাচ শেষে সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, ‘যেভাবে আমরা কাজটা করেছি, আমার ভালো লেগেছে। শীর্ষমানের একটি দলকে এভাবে হারিয়ে আমরা খুশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত