বিমানবাহিনীর ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:৪৭ এএম

বাংলাদেশ বিমানবাহিনীর ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের (এসসিসি) সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত ১১তম এসসিসির সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ-উত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন। গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানস্থলে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এসে পৌঁছালে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী তাকে স্বাগত জানান। ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

আইএসপিআর আরও জানায়, উক্ত কোর্সে বিমানবাহিনীর ১৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিমানবাহিনীর স্কোয়াড্রন কমান্ডারদের কার্যকরী ব্যবস্থাপনা এবং নেতৃত্ব প্রদানের প্রশিক্ষণ এই কোর্সের উদ্দেশ্য। ২০০৯ সাল থেকে এসসিসি (স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স) উত্তীর্ণ কর্মকর্তারা তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে। প্রধান অতিথি প্রশিক্ষণ-উত্তীর্ণ সব কর্মকর্তাদের মধ্যে সনদপত্র প্রদান করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি উক্ত কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য সিএসটিআইয়ের (কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউ) ভূয়সী প্রশংসা করেন।

সবশেষে তিনি প্রশিক্ষণ-উত্তীর্ণ সব কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশগ্রহণ করেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত