দেবীগঞ্জে দেড় কোটির লোভ দেখিয়ে ১২ লাখ টাকা লুট, গ্রেপ্তার ১

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:৩০ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে দেড় কোটি টাকার লোভ দেখিয়ে ১২ লাখ টাকা লুট করা প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

অভিযুক্ত প্রতারক চক্রের সদস্যকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রাশেদ জামান (৩৭)। তিনি উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের দন্ডপাল গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী নাজিম উদ্দীন বাদী হয়ে রাশেদ জামানসহ ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৭ জনের নামে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাকি অভিযুক্তরা হলেন, একই ইউনিয়নের ফারুক হোসেন (৪০), ফরহাদ হোসেন (৪৩) এবং ওমর শাজাহান আলী (৪২)।

সূত্র জানায়, শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে নয়টায় তিনজন ভুক্তভোগী দেবীগঞ্জ সেনা ক্যাম্পে এসে অভিযোগ করেন, প্রতারকচক্র ১২ লক্ষ টাকার বিনিময়ে দেড় কোটি টাকার প্রলোভন দেখিয়েছিল।

এই প্রলোভনে টাঈাইলের কালিহাতি থেকে রাশেদ জামানের বাড়ীতে উপস্থিত হয় নাজিম উদ্দীন ও তার দুই সহযোগী রবিন শিকদার ও মমিন আলী। এমন সময় প্রতারক চক্রের বাকি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিবির পরিচয় দেয়। তাদের চড় থাপ্পড় দিয়ে ১২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। পরে রাত সাড়ে নয়টা’য় দেবীগঞ্জ সেনা ক্যাম্পে এসে তারা এ বিষয়ে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। রাত ১২ টা থেকে শনিবার ভোর ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাশেদ জামানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি ১ হাজার টাকার জাল নোট, নগদ ১২ হাজার টাকা, ১টি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান জানান, আটক রাশেদ জামানকে আইনগত প্রক্রিয়ার জন্য দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, মামলার এজাহার পেয়েছি। ঘটনা সংক্রান্তে মামলা রুজু হয়েছে। জিজ্ঞাসাবাদ ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত