ফৌজদারি কার্যবিধি সংশোধন

প্রাথমিক তদন্তে প্রমাণ না মিললে মামলা থেকে বাদ যাবে আসামির নাম

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:৪৫ পিএম

প্রাথমিক তদন্তে প্রমাণ না পাওয়া গেলে বিচার শুরুর আগেই আসামির নাম মামলা থেকে বাদ দেওয়া হবে। অর্থাৎ প্রাথমিক তদন্তের পরেই সংশ্লিষ্টতা না থাকা সাপেক্ষে ভুয়া মামলা কিংবা ভুয়া মামলার আসামিরা এখন থেকে রেহাই পাবেন।

রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধি সংক্রান্ত সংশোধনের অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, পুলিশ ও আদালত প্রাথমিক তদন্তে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না, তাদের বিচার শুরুর আগেই মামলার তালিকা থেকে বাদ দিতে পারবে। এতে করে অনেক নিরাপরাধ ব্যক্তি গ্রেপ্তার ও মামলা বাণিজ্যের হয়রানি থেকে বেঁচে যাবেন।

আইন উপদেষ্টা আরও জানান, প্রাথমিক তদন্তে বাদ দেওয়া ব্যক্তির বিরুদ্ধে যদি পরবর্তী তদন্তে যদি কোনো প্রমাণ পাওয়া যায় তবে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় তাদের আবার আসামি তালিকাভুক্ত করতে পারবে পুলিশ।

আসিফ নজরুল বলেন, ‘পুলিশ কমিশনার, এসপি বা এসপি পদমর্যাদার কোনো কর্মকর্তা যদি মনে করেন, তার নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছ থেকে একটা প্রাইমারি তদন্ত প্রতিবেদন নিতে পারেন। পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত কর্মকর্তা প্রাথমিক রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেবেন। বিচারক যদি মনে করেন, কোনো মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের কিছু সংখ্যকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নেই, সাক্ষ্য নেই। তাহলে ফ্রি ট্রায়াল স্টেজে তাদের আসামি তালিকা থেকে নাম বাদ দিতে পারবেন।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, গ্রেপ্তার ও মামলা বাণিজ্য থেকে নিরপরাধ মানুষকে মুক্ত রাখতে সরকার ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন আনা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে অনেক নিরপরাধ মানুষ হয়রানি থেকে বেঁচে যাবেন। তখন মামলা বাণিজ্য থেকে অনেকে রেহাই পাবেন। কিন্তু এর মানে এই নয় যে, মামলার তদন্ত থেমে থাকবে। তদন্ত চলতে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত