মেজর লিগ ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে ছক্কা মেরে দলকে জয় এনে দিলেন শিমরন হেটমায়ার। আগের দিন এমআই নিউইয়র্কের বিপক্ষে শেষ বলে ছক্কায় জিতিয়েছিলেন তিনি। শনিবার লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষেও জিতিয়েছেন শেষ ওভারে ছক্কা মেরে। ম্যাচসেরা হেটমায়ার ম্যাচশেষে বলেন, “ক্লান্ত। খুবই ক্লান্ত। তবে খুশি যে জিততে পেরেছি।”
ডালাসে ২০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে সিয়াটল অরকাস ৫ উইকেটে জয় পায়। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৬ রান। শ্যাডলি ভ্যান শাল্কউইকের পঞ্চম বলেই ছক্কা মেরে ম্যাচ শেষ করেন হেটমায়ার। তিনি অপরাজিত থাকেন ২৬ বলে ৬৪ রানে। এই ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা।
এর আগে ওপেনিংয়ে ব্যর্থ হন জশ ব্রাউন। তবে দ্বিতীয় উইকেটে অ্যারন জোনস ও শায়ান জাহাঙ্গিরের ১১৯ রানের জুটিতে ভিত গড়ে তোলে অরকাস। জাহাঙ্গির করেন ২৯ বলে ৪২ রান, আর জোনস খেলেন ৩৮ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস। পরে হেটমায়ার দলের হাল ধরেন। গুরুত্বপূর্ণ সময়ে হোল্ডার ও আলি খানের বিপক্ষে ছক্কা মেরে চাপ কমান তিনি। শেষ পর্যন্ত তার ব্যাটেই জয় নিশ্চিত হয় অরকাসের।
এর আগে ব্যাটিংয়ে নেমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ২০ ওভারে করে ২০২ রান। ব্যাটিংয়ে নজর কাড়েন আন্দ্রে রাসেল ও রোভম্যান পাওয়েল। রাসেল ৩৯ বলে ৬৫* ও পাওয়েল ২১ বলে করেন ৪৩* রান। শেষ ৫ ওভারে তারা ৭০ রান যোগ করেন। ২১ বলে ৪১ রান করে সাইফ বাদারও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
অরকাসের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আফগান স্পিনার ওয়াকার সালামখেইল। তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। তবে ইনিংসের শেষভাগে অরকাসের ফিল্ডিং ও বোলিং ছিল বেশ দুর্বল। ডেথ ওভারে রান রুখতে ব্যর্থ হন জসদীপ সিং ও আয়ান দেশাই।
এই জয়ে টেবিলের তলানিতে থাকা অরকাস উঠে এসেছে চতুর্থ স্থানে। অপরদিকে, নাইট রাইডার্স ছিটকে পড়েছে পঞ্চম স্থানে।
পিএসজির বিপক্ষে ‘আন্ডারডগ’ মায়ামি, তবে হার মানতে নারাজ মাশচেরানো