রাজধানীর আবাসিক হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম

রাজধানীর মগবাজারে হোটেলে রহস্যজনকভাবে মৃত্যু হওয়া ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রবিবার রাত ৯টার দিকে রমনা থানা পুলিশ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সৌদি আরব প্রবাসী মনির হোসেন (৪৮), তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না (৩৮) ও তাদের বড় ছেলে নাইম হোসেন (১৮)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামে। মনিরের বাবার নাম মনোহর মিয়া।

মনির হোসেনের চাচাত ভাই মো. জাকির হোসেন জানান, ঈদুল আযহার কয়েকদিন আগে দেশে আসেন তিনি। তার ৩ ছেলের মধ্যে বড় নাইম শারীরিক বাকপ্রতিবন্ধী। ঢাকায় আদ-দ্বীন হাসপাতালে তার চিকিৎসার জন্য কিছুদিন পরপরই নিয়ে আসা হতো। এজন্য সপরিবারে শনিবার সকালেও ঢাকায় এসেছিলেন। তবে চিকিৎসকের দেখা না পাওয়ায় মগবাজার এলাকার ওই হোটেলে উঠেছিলেন।

জাকির জানান, রবিবার বিকালে গ্রাম থেকে জাকিরকে ফোন করে ঘটনাটি জানানো হয়৷ সঙ্গে সঙ্গে তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আদ-দ্বীন হাসপাতালে এসে ৩ জনের লাশ দেখতে পান।

তিনি বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। তবে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে যতটুকু শুনেছি, শনিবার বিকালে তারা হোটেলে উঠেছিলেন। ঢাকায় মনিরের কয়েকটি ফ্ল্যাট আছে। আর সেগুলো দেখাশোনা করতেন তার কেয়ারটেকার রফিকুল ইসলাম। রফিকুলই তাদেরকে শনিবার ওই হোটেলে উঠিয়ে দিয়ে এসেছিলেন। পুলিশ রফিকুলসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে গেছে। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে কিছু জানা যেতে পারে। মনিরের ছোট দুই ছেলের বয়স ১৪ ও ৯ বছর। তারা গ্রামের বাড়িতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত