বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:২৫ এএম

দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমী বৈঠক করেছেন।

গতকাল রবিবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক হয়। এ সময় দুদেশের অর্থনৈতিক সহযোগিতাসহ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, মিসর বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র এবং দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে বাণিজ্য বৃদ্ধি এখন সময়ের দাবি। এ সময় তিনি বাণিজ্যে নতুন সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মিসরে বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধি, বিশেষত পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ ও সিরামিকসের মতো খাতগুলোয় সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

এ সময় মিসরের রাষ্ট্রদূত মহি এলদিন আহমেদ ফাহমী বলেন, মিসর আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। মিসর ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। মিসর বাংলাদেশে পেট্রোকেমিক্যাল, সার ও উন্নতমানের কাঁচা তুলা রপ্তানি করে থাকে।

বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, মিসরের উন্নতমানের তুলা ব্যবহার করে বাংলাদেশ মানসম্মত তৈরি পোশাক রপ্তানির আরও বেশি সুযোগ গ্রহণ করতে পারে। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত