বিতর্কিত ভূমিকার অভিযোগে ইবি শিক্ষক চাকরিচ্যুত

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:২৬ পিএম

নানা বিতর্কিত ভূমিকার অভিযোগ থাকায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করেছে ইবি কর্তৃপক্ষ।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

ইবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষক হাফিজুল ইসলামের বিরুদ্ধে উঠা বিতর্কিত নানা অভিযোগ উঠায় তার সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ইবি প্রশাসন। ওই কমিটির তদন্ত প্রতিবেদনে শিক্ষক হাফিজুলের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় বিধিমালায় আচরণ ভঙ্গের কারণে তাকে ৩০ জুন চাকরি থেকে অপসারণ করা হয়।

উল্লেখ্য, হাফিজুল ইসলাম তার বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন। তার বিরুদ্ধে মানসিক নির্যাতন, ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি, নারী শিক্ষার্থীদের ‘বাজারের মেয়ে’ বলে অপমান করা, পছন্দের শিক্ষার্থীকে বেশি নম্বর এবং বাকিদের কম নম্বর দেওয়া, এমনকি শিক্ষার্থীদের  সিলিং ফ্যানে ঝুলিয়ে পেটানোর মতো ভয়ংকর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এইসব অভিযোগের কারণে শিক্ষার্থীরা ইবি কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেয়াসহ কয়েক দফায় আন্দোলন করে ইবি কর্তৃপক্ষের কাছে অপসারণের দাবি করে আসছিলো।

ইতোপূর্বে শিক্ষক হাফিজুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০২৪ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ২৬৬তম সিন্ডিকেট সভায় এক সিদ্ধান্তে শাস্তি স্বরূপ বার্ষিক ইনক্রিমেন্ট বাতিলসহ তাকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিলো ইবি কর্তৃপক্ষ। তাতে শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলনে অনড় থাকায় গত ২৮ জানুয়ারি শিক্ষক হাফিজুল ইসলামকে স্থায়ী বহিষ্কারের দাবিতে উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করে সেখানে অবস্থান কর্মসূচিও পালন করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত