নেত্রকোনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৯:৩১ পিএম

নেত্রকোনায় মোটরসাইকেল চালক ঝিনুক মিয়া (২৩) হত্যা মামলায় মো. সাদেকুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। সোমবার (৩০ জুন) বিকাল চারটায় নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. সাদেকুল ইসলাম (২৩) নেত্রকোনা পৌর শহরের পূর্ব কাটলী এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঝিনুক মিয়া তার ভাইয়ের মোটরসাইকেল ভাড়ায় চালাতেন। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ঝিনুক মিয়া মদন উপজেলায় ষাঁড়ের লড়াই দেখতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল ভাড়া করেন। পথিমধ্যে আসামি সাদেকুল ইসলাম মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চালক ঝিনুককে ছুরিকাঘাত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ঝিনুককে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত ঝিনুক মিয়ার ভাই মো. টিটু মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একপর্যায়ে পুলিশ আসামি মো. সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামি সাদেকুল ইসলাম জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। 

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবুল হাসেম এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন পুরবী কুন্ডু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত