কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ফেরদৌসী বেগম (৪০) নামের এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সকাল আটটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম এলাকার নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফেরদৌসী বেগম সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী। এ ঘটনায় পুলিশ তার দেবর আলমগীর হোসেন (৩৫) ও প্রতিবেশী প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌসী বেগম গত শুক্রবার সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন দুর্গন্ধ পেয়ে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের কাছে যান। পরে তারা সেপটিক ট্যাংকের ভেতরে একটি বস্তা দেখতে পান। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে ফেরদৌসী বেগমের মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে ইকরামুল বলেন, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধের কারণেই তাকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। তিনি এ হত্যাকান্ডের সুস্থ বিছারের দাবি জানান।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
