১৬০০ ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন হরিরামপুর ইউএনও

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তিনটি নার্সারিতে অভিযান চালিয়ে প্রায় ১৬০০ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করে তা ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার।

মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে উপজেলার ঝিটকা দফাদার পাড়া নার্সারি,বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের বনফুল নার্সারী ও সম্পা নার্সারিতে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও এ অভিযান পরিচালনা করে প্রায় ১৬০০ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করেন। এরপর ঘটনাস্থলেই জব্দকৃত গাছের চারা ধ্বংস করা হয়।

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। তারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার বলেন, উপজেলার কয়েকটি নার্সারিতে অভিযান পরিচালনা করে পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত