জেলার সৈয়দপুর পৌর শহরের নয়াটোলা এলাকায় একটি বাড়ি থেকে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
নিহত নারী শামসুন্নাহার বেগম (৭৫) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের গৃহপরিচালিকা। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঘটনার সময় ওই শিক্ষিকা বড়িতে ছিলেন না।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও লাশ জিম্মায় নিয়েছে। বিকালে রংপুর থেকে সিআইডির ক্রাইম সিন টিম এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন।
ধারণা করা হচ্ছে ওই বাড়িতে চোরের একটি দল গোপনে প্রবেশ করেছিল। তারা টাকা সোনা ও টিভি নিয়ে যায়। সম্ভবত চোরদের চিনে ফেলার কারণে বৃদ্ধাকে হত্যা করা হতে পারে।
শিক্ষিকা রহিলা বেগম দেশ রূপান্তরকে জানান, প্রতিদিনের মতো তিনি সকালে স্কুলে যান। দুপুরে টিফিনে বাসায় ফিরে দরজায় কড়া নেড়ে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলেন। তারপর দেখতে পান মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বৃদ্ধা। মাথায় ছিল বড় ধরনের জখম।
এসময় বাসার আসবাবপত্র তছনছ ছিল এবং ৪৫ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও একটি এলইডি টিভি চুরি হয়।
নিহতের ছেলে সামসুল দেশ রূপান্তরকে বলেন, সকাল ১১টার দিকে মায়ের সঙ্গে মোবাইলে কথা হয়। তিনি শরীর খারাপের কথা বলেন। এরপর দুপুরে মাকে অনেকবার ফোন দিলেও ফোন ধরেননি। পরে রহিলা খালা ফোন দিয়ে বলেন আমার মা মারা গেছেন।
